খালেদা জিয়াকে আদালতে সরকার পাঠায় নি বরং তত্ত্বাবধায়ক সরকারের মামলার কারণে তিনি সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঈদে ঘরমুখো মানুষের যাত্রার ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে আজকে কারাগারে বন্দি রেখেছে কে? সরকার, না মামলা? তত্ত্বাবধায়ক সরকারের মামলার কারণে তিনি সাজাপ্রাপ্ত হয়ে আদালতের রায়ে কারাগারে আছেন। আদালতে খালেদা জিয়াকে সরকার পাঠায়নি। যদি সরকারকে দায়ী করেন, তাহলে সেটা তত্ত্বাবধায়ক সরকার। দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, আইন অনুযায়ী তিনি আদালতে গেছেন। আদালত তাঁকে কনভিকশন দিয়েছে, সাজা দিয়েছে এবং সেভাবেই তিনি জেলে আছেন। এখন লিগাল ব্যাটল করে বিএনপির নেতারা তাঁকে মুক্ত করে আনতে পারেন। এখানে সরকারের কোনো করণীয় নেই। বিষয়টি আদালতের এখতিয়ার।’

বিএনপির আন্দোলনের প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি যে কথা বলে, তাঁরা খালেদা জিয়াকে আন্দোলন করে বের করবে। খালেদা জিয়ার সাজা পাওয়ার পর এত দিন চলে গেল, আন্দোলনের উত্তাপ রাজপথে সঞ্চারিত করতে পারেনি বিএনপি, সেটা তাদের ব্যাপার। আন্দোলন যদি তারা করে, সেই আন্দোলনও তো সরকারের বিরুদ্ধে না। সাজা দিয়েছেন আদালত, আদালতের বিরুদ্ধে তারা আন্দোলন করতে পারে। এখানে সরকারের কিছু করণীয় নেই।’

জেড