নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের সংসদের দাস বানিয়ে ফেলা হয়েছে। আর গুম-খুনের মাধ্যমে এ দেশকে বানানো হয়েছে মৃত্যু উপত্যকা।
তিনি বলেন, হটকারী রাজনীতি দেশ ও জাতির কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। অতীতে আমরাও গণবাহিনী করতে যেয়ে জয়ী হইনি।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশ আয়োজিত ‘গুম রাজ্যে প্রত্যাবর্তন-গণতন্ত্রের শবযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘গুম-খুণ কোন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি একটি জাতীয় সমস্যা। এ থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন। আর বিএনপিকেই এ জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
সরকার বেআইনিভাবে সংসদে বসে আইন পরিবর্তন করছে মন্তব্য করে নোমান বলেন, ‘জনবিচ্ছিন্ন এ সরকার অবৈধভাবে জোড় করে ক্ষমতা দখল করে একের পর এক আইন করছে। তারা ইতোমধ্যে কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছে।
সংগঠনের প্রধান সমন্বয়কারী এসএম সাইমন কামালীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ঢাবি অধ্যাপক সুকোমল বড়ুয়া, গুম হওয়া সাজেদুল ইসলাম সুমনের বড় বোন মারুফা ইসলাম ফেরদৌসি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওয়াদুদ ভূঁইয়া প্রমুখ।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম. জেএ





