বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজধানীর বাড্ডা থানায় হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার দুপুরে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে চলমান সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে রিজভীকে আটক করে র‌্যাব-১ এর একটি দল।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ জানুয়ারি রাতে ‘অসুস্থ’ রিজভীকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

৭ জানুয়ারি রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে রিজভীর খোঁজখবর নিতে কেবিনে যান হাসপাতালের সেবিকা লাবনী।

তিনি সেখানে গিয়ে দেখেন, রিজভী কেবিনে নেই। এরপর পুরো হাসপাতাল খুঁজেও তাকে পাওয়া যায়নি।

এরপর রাজধানীর বিভিন্ন বাসা থেকে সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে বিভিন্ন বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করতেন বিএনপির এই নেতা।

এমকে