সোমবার (৭ সেপ্টেম্বর) পৃথকভাবে বিষয়টি জানিয়েছেন তারা। আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে এবং নাসীরুদ্দীন পাটওয়ারী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভোটার এলাকা পরিবর্তনের তথ্য জানান।

আসিফ মাহমুদ আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আফতাবনগর এলাকায় নেওয়া হয়েছে।

ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ অনুযায়ী আবেদন করেছিলেন বলে জানান আসিফ। আবেদন যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তা অনুমোদন করে।

অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার ছিলেন। সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকেই এনসিপির প্রার্থী হয়েছিলেন পাটওয়ারী। ওই নির্বাচনে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের কাছে পরাজিত হন তিনি।

আসিফ মাহমুদ সাবেক অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপদেষ্টার পদ ছেড়ে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব নেন। বর্তমানে তিনি দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির এই নেতা আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির প্রার্থী হতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে এনসিপির মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। ভোটার এলাকা পরিবর্তনের মাধ্যমে তিনি ঢাকা-৮ আসনের ভোটার হিসেবে নতুন করে অন্তর্ভুক্ত হলেন।

এস