বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, সেনাবাহিনীতে প্রথম অস্থিরতা ও হত্যা শুরু করেছিল ইনু বাহিনী। সে অস্থিরতার জের ধরেই বিডিআর বিদ্রোহ হয়েছে। এই ইনুরা জিয়াউর রহমানের কল্যাণে এখনও কথা বলতে পারছেন।

তিনি বলেন, অন্যান্য দেশে সেনাবাহিনীতে অস্থিরতার দায়ে মেরে ফেলা হয়। কিন্তু জিয়াউর রহমান তা করেননি। কারণ তারা মুক্তিযুদ্ধ করেছিল। গোলটেবিল আলোচনায় অন্য বক্তারা বলেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ আর বাংলাদেশে নেই। দিল্লীর সাউথ হল থেকে পরিচালিত হচ্ছে। দেশকে নেতা শূন্য করার জন্যই কামারুজ্জামান, নিজামী এবং সালাহ উদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেয়ার চক্রান্ত করা হচ্ছে।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘প্রতিহিংসার রাজনীতি: বিপন্ন গণতন্ত্র-মানবাধিকার’ শীর্ষক গোল টেবিল আলোচনায় তারা এসব মন্তব্য করেন।

হান্নান শাহ বলেন, মিথ্যা মামলার জন্য আওয়ামী লীগ নেতাদের পিএইচডি দেয়া দরকার। এরা বিচার ব্যবস্থাকেও কলুষিত করেছে। নূর হোসেনের হত্যাকারী এরশাদকে নিয়ে শেখ হাসিনা দেশবাসীর ওপর ডাবল শ্বৈরাচার চালাচ্ছে মন্তব্য করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, এই ইনু বাহিনীই সেনাবাহিনীতে প্রথম বিশৃঙ্খলা করেছে।

তার রেশ ধরেই বিডিআর বিদ্রহ এবং হত্যাকাণ্ড হয়েছে। সরকার সত্যকে ভয় পায় মন্তব্য করে হান্নান শাহ বলেন, আওয়ামী লীগ নেতারা মনে করেন তারা আইনের উর্ধ্বে। তাদের একদিন বিচাওে মুখোমুখী হতে হবে বলেও হুশিয়ারি দেন হান্নান শাহ।

সংগঠনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, এমদাদুল হক চৌধুরী, মো. ফারুক রহমান, জাকির হোসেন প্রমূখ।

এসএইচ