একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তিন দিনের সফরে ভারত গিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি মঙ্গলবার সকাল ১১টার দিকে ভারতের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এরশাদ দেশে ফিরবেন শুক্রবার।

এরশাদের প্রেস এ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ব্যক্তিগত সফরে একটি বিয়ের দাওয়াতে স্যার (এরশাদ) ভারত গেছেন।’

এরশাদের সফরসঙ্গী হিসেবে গেছেন জাপার কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ আখতার।

তবে, ব্যক্তিগত দাওয়াতের কথা বলা হলেও জোরালো গুঞ্জন রয়েছে ভারত সফর শেষে দেশে ফেরার পর এরশাদ একটি চমক দেখাতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারত থেকে ফিরে আসার পরই চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এরশাদ তার অবস্থান জানান দিতে পারেন এবং সেখানে যে কোন ধরনের নতুন চমক থাকতে পারে।

এই সফরকে ব্যক্তিগত দাওয়াত বলা হলেও প্রকৃতপক্ষে এই সফর পুরোপুরিই রাজনৈতিক। জাতীয় পার্টির একাধিক সূত্রে এমনই আভাষ মিলেছে।

এমনকী জাতীয় পার্টির পরবর্তী রাজনৈতিক কর্মকান্ড কী হবে, সরকারের সাথে জোটে থাকবে কী না, বিরোধী দলের আন্দোলনের ব্যাপারে নীতিমালা কী হবে, এমন সব জটিল রাজনীতির হিসেবও কষে আসতে পারেন তার এবারের ভারত সফরের মধ্য দিয়ে।

এএইচ/কেবি