জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মণ্ডল ও কারাবন্দি দেশের বিশিষ্ট আলেম-ওলামাসহ সকল নেতা-কর্মীকে আসন্ন ঈদুল আজহার আগেই মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর আমির বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী দীর্ঘ প্রায় ১১ বছর কারাগারে আটক রয়েছেন। সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম প্রায় ১০ বছর যাবৎ, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডল প্রায় ছয় বছর যাবৎ এবং দেশের বিশিষ্ট আলেম-ওলামাগণ দীর্ঘ দিন ধরে কারাগারে আটক রয়েছেন।”
বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আযমী ও জামায়াতে ইসলামীর সাবেক নির্বাহী পরিষদ সদস্য শহীদ মীর কাসেম আলীর ছেলে বাংলাদেশ সুপ্রীম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান ২০১৬ সালের আগষ্ট মাস থেকে নিখোঁজ রয়েছেন। তাদেরকে নিজ নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত তাদের পরিবার-পরিজন জানতে পারেনি তারা কোথায় কী অবস্থায় আছেন।”
“চার বছর যাবৎ তাদের পরিবার-পরিজন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে জীবন-যাপন করছেন। ফিরে আসার প্রতীক্ষায় তাদের পরিবার-পরিজন এখনো অপেক্ষা করছেন। এমতাবস্থায় ঈদুল আজহার আগেই তাদের ফিরিয়ে দিয়ে পরিবার-পরিজনদের সাথে ঈদুল আজহা পালন করার সুযোগ দেয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।”
ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিরাজমান করোনাভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় নিয়ে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, এটিএম আজহারুল ইসলাম, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক মণ্ডল ও কারাগারে আটক দেশের বিশিষ্ট আলেম-ওলামাসহ গ্রেফতারকৃত জামায়াতের সকল নেতা-কর্মী যাতে তাদের পরিবার-পরিজনদের সাথে আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারেন সে জন্য পবিত্র ঈদুল আজহার আগেই তাদের মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বানন জানাচ্ছি।প্রেস বিজ্ঞপ্তি
এমবি





