শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, ছাত্র ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এসময় শিবির নেতারা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিতাড়িত করে শিক্ষাঙ্গনে পড়ালেখার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের আহবান জানান।

বাড্ডায় বিক্ষোভ:

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৮টায় রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বিক্ষোভ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর। কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান বিশ্বাসের ওই মিছিলে নেতৃত্ব দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আনিসুর রহমান বিশ্বাস বলেন, সারাদেশে শিক্ষাঙ্গনগুলোতে আজ আর শিক্ষার পরিবেশ নেই। ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসী কর্মকান্ড আর ছাত্র শিক্ষক নির্যাতনে শিক্ষাঙ্গনগুলোতে আজ বিভীষিকাময় পরিবেশ বিরাজ করছে। পিতৃতুল্য শিক্ষকরাও আজ ছাত্রলীগের হাত থেকে নিরাপদ নন। শিক্ষকরা ছাত্র নামধারী ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে মার খাচ্ছে। একের পর এক সাধারন ছাত্ররা নির্যাতনের শিকার হচ্ছে।

তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করুন। সন্ত্রাসী ছাত্রলীগেকে নিষিদ্ধ করুন। নইলে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিতাড়িত করতে বাধ্য হবে। তখন যেকোন পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।

ধানমন্ডিতে মিছিল-সমাবেশ:

একই দাবিতে রাজধানীর ধানমন্ডিতে মিছিল-সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। মিছিলটি ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর রোডে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন শাখা সভাপতি মতিয়ার রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি আব্দুস শাহিদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি আব্দুল্লাহ আল ফয়সাল ও ঢাকা কলেজ শাখার সেক্রেটারি মিজানুর রহমান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মতিয়ার রহমান বলেন, ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজ এক রীতিমত আতঙ্কের নাম হিসেবে দাঁড়িয়েছে।

তাদের অব্যাহত সন্ত্রাস আর নৈরাজ্যের কারণে প্রতিটি ক্যাম্পাস প্রশাসন আজ স্তব্দ। সাধারণ ছাত্রসমাজ আজ এর প্রতিকার চায়। এজন্য ক্যাম্পাস থেকে সকল সন্ত্রাসী গডফাদারদের গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

বিশেষত সম্প্রতি শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ কতৃক শিক্ষকদের উপর হামলার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে অবিলম্বে তার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ দাবী আজ দেশের প্রতিটি সাধারণ মানুষের। যদি সরকার এতে ব্যর্থ হয় তাহলে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে এই গর্হিত কাজের কলঙ্ক মোচনের দায়িত্ব সাধারণ শিক্ষার্থীরাই নিতে বাধ্য হবে।

গাজীপুর মহানগরীতে বিক্ষোভ:

অন্যদিকে সোমবার সকাল পৌনে ৮টায় গাজীপুরের সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির গাজীপুর মহানগরী। শাখা সেক্রেটারি আহমেদ ইমতিয়াজের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক মতিউর রহমান, মহানগরী সাংগঠনিক সম্পাদক ইশমাম আবদুল্লাহ প্রমুখ।

মিছিল পরবর্তী সমাবেশে মতিউর রহমান বলেন, সরকারের ছত্রছায়ায় ছাত্রলীগ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক নৈরাজ্য ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। ক্যাম্পাসগুলো বন্ধ হয়ে শিক্ষার ব্যাঘাত ঘটছে।

ছাত্রলীগ নির্যাতন থেকে রক্ষা পাচ্ছে না ছাত্র-ছাত্রী এমনকি শিক্ষকরাও। জাতি গঠনে সুষ্ঠ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবী জানান তিনি।

এআর