নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই জন।
আজ (২১ ফেব্রুয়ারি) রোববার ভোর রাতে উপজেলার সিএন্ডবি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপভ্যানের চালক আলমগীর হোসেন(৪০) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বাসিন্দা।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: আবুল কালাম বলেন, রোববার ভোর রাতে মনোহরদী থেকে মাছবাহী একটি পিকআপভ্যান ইটাখলার দিকে যাচ্ছিলো। পিকআপটি উপজেলার সিএন্ডবি এলাকায় পৌঁছে একই দিকে যাওয়া একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক আলমগীর মারা যায়। এসময় আহত হয় পিকআপে থাকা আরও দুই জন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পিকআপভ্যানের চালক ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ক্ষতিগ্রস্ত পিকআপভ্যানটি আমাদের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমবি





