অবিলম্বে নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন এবং দেশের সঙ্কট নিরসনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে আওয়ামী লীগের নতুন কমিটির কাছে আহ্বান জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
এসময় রিজভী বলেন, দেশবাসী প্রত্যাশা করে আওয়ামী লীগের নতুন কমিটির দেশের হৃত গণতন্ত্র পুনরুদ্ধারে এবং দেশের সঙ্কট নিরসনে কাজ করবে।
সেইসাথে আমরাও নতুন কমিটির কাছে প্রত্যাশা করবো, তারা অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করবে। সেইসাথে নিরপেক্ষ এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন দেয়ার ব্যবস্থা গ্রহণ করবে।
রিজভী বলেন, অতীতেও সার্চ কমিটি গঠনের মাধ্যমে এমন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছে। আবারো যদি একই ধরনের নির্বাচন কমিশন গঠন করা হয় তাহলে দেশের গণতন্ত্র এবং রাজনীতির স্থান হবে গোরস্থান।
এদিকে আজ সকালে ছেলের চিকিৎসার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে থাইল্যান্ডে যেতে না দেয়ার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রুহুল কবির রিজভী।
তিনি বলেন, পাসপোর্টেও মেয়াদ ছিল হয়রানি না করতে আদালতের নির্দেশনাও ছিল। কিন্তু তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে থাইল্যান্ডে যেতে দেয়া হয়নি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, হাফেজ এম এ মালেক, শাহ মো: নেসারুল হক প্রমুখ।
এসএম





