জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবর রহমান, সাবেক এমপি গোলাম পারওয়ার (খুলনা ৬ আসন) এবং প্রচার সম্পা্দক তাসনিম আলমসহ ১৩জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে রাজধানীর পল্লবী থানার ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৪ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়। বাড়িটি স্থানীয় জামায়াত নেতা অধ্যাপক হারুন-অর-রশীদের।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির।

তিনি বলেন, সাবেক এমপি ও জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান ও মিয়া গোলাম পরোয়ারসহ ১৩জনকে আটক করা হয়েছে। এরমধ্যে আরেক জামায়াত নেতা অধ্যাপক হারুণ অর রশিদও আছেন।

ওসি বলেন, নাশকতার পরিকল্পনা করতে তারা ওই বাসায় গোপনে বৈঠক করছিলেন। সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

আটকদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এসএইচ