একাত্তরে বুদ্ধিজীবী হত্যার হোতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানকে দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক তৎপরতা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে সরকার সর্বাত্মক ব্যবস্থা নেয়া হচ্ছে।

যেসব যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হয়েছে তাদের এখনো শহীদ নামে সম্বোধন করা হচ্ছে। রাষ্ট্র এ ব্যাপারে উদ্যোগ নেবে কিনা? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা আমাদের নজরে আছে। বিষয়টা আমরা দেখছি। সময়মতো এসব বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

যে জাতীয় দৈনিকে কাদের মোল্লাকে শহীদ হিসেবে আখ্যা দেয়া হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া উচিৎ।

এসময় ওবায়দুল কাদের আরো জানান, যেসব খুনি বিদেশে পালিয়ে তাদের ফিরিয়ে আনার ব্যাপারেও সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রাম কার্যালয় শুক্রবার (১৩ ডিসেম্বর) ভাঙচুর করা হয়েছে। জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মী শুক্রবার সন্ধ্যায় সংগ্রাম কার্যালয় ঘেরাও ও ভাঙচুর করে।

এএস