প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির আন্দোলনকে মাঠেই প্রতিরোধ করা হবে। আমাদের আওয়ামী লীগ রয়েছে, জনগণ রয়েছে, বিএনপির অযৌক্তিক আন্দোলন প্রতিহত করা হবে রাজপথেই।
লন্ডন সফর শেষে শনিবার বেলা সাড়ে ১১টার কিছু পরে গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, কার সঙ্গে সংলাপ করবো? যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের সঙ্গে কিভাবে সংলাপ হবে?
প্রধানমন্ত্রী আরও বলেন, তারপরও বিএনপি নেত্রীকে সংলাপের আহবান জানিয়ে অপমানিত হয়েছিলাম, আমাকে আর কতোবার অপমানিত হতে বলেন?
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার লন্ডন সফরে বাংলাদেশের কূটনৈতিক অর্জনসহ সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, যদি দেশ চালাতে ব্যর্থ হতাম, তাহলে সংলাপ বা নির্বাচনের প্রশ্ন আসতো। দেশের জনগণ শান্তিতে আছে, উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। নতুন করে অশান্তি সৃষ্টি করতে বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। তাই শান্তি নষ্ট করতে সংলাপ-নির্বাচন চায় তারা।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, এদেশেই এ বিচার শেষ হবে। যেমনিভাবে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে শাস্তি দেয়া হয়েছে, ঠিক সেভাবেই যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর হবে। বিএনপি ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীদের নিয়েই তো ক্ষমতায় আসবে। আপনারা কি যুদ্ধাপরাধীদের বিচার চান না, যুদ্ধাপরাধীদের ক্ষমতায় দেখতে চান।
শেখ হাসিনা জানান, সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে পুরোপুরি বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
২১ জুলাই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বিশেষ আমন্ত্রণে প্রথম ওয়ার্ল্ড গার্ল সামিটে অংশ নিতে লন্ডন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের উচ্চ-পর্যায়ের সেশনে অংশগ্রহণ ছাড়াও ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন তিনি। এছাড়াও দেশটির সরকারি ও বিরোধী দলীয় কয়েকজন নেতার সঙ্গেও কথা হয় প্রধানমন্ত্রীর।
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





