জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যা করার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে এবং তিনিসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বুধবার দেশব্যাপী শান্তিপূর্ণভাবে সর্বাত্মক হরতাল অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তি এ আহ্বান জানান।
ডা: শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার হীন উদ্দেশ্যেই সরকার দলটির নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই কামারুজ্জামানকে হত্যার ষড়যন্ত্র চলছে। এর প্রতিবাদে দেশের জনগণ ৭ এপ্রিল সরকারের বাধা-বিপত্তি, ভয়-ভীতি প্রদর্শন উপেক্ষা করে স্বত:স্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে সর্বাত্মক হরতাল পালন করেছে।
তিনি বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে হরতাল পালন করে মুহাম্মদ কামারুজ্জামানসহ জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবীর প্রতি সমর্থন ব্যক্ত করেছে। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে জনাব মুহাম্মদ কামারুজ্জামানসহ আটক জামায়াত নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি প্রদানের আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, ৭ এপ্রিল শান্তিপূর্ণ হরতাল চলাকালে দেশের বিভিন্নস্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াতের নেতা-কর্মীদের উপর হামলা করেছে এবং চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জনাব মাসুদুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ প্রায় তিনশত লোককে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
ডা: শফিকুর বলেন, গতরাতে জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ ও জয়পুরহাট সদর উপজেলা ছাত্রশিবিরের অফিস সেক্রেটারী সোহেল রানার বাড়িতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে ঘরের দরজা-জানালাসহ মূল্যবান আসবাবপত্র ভাংচুর করেছে ও মহিলাদের অকথ্য ভাষায় গালমন্দ করে ভয়-ভীতি প্রদর্শন করেছে।
তিনি বলেন, আমি জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার এবং জয়পুরহাটে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাদের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সন্ত্রাসী তান্ডব বন্ধ করে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদানের জন্য আহবান জানাচ্ছি।
এমকে





