নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে বিপুল সংখ্যক মুসল্লি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (০৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে তিনি বলেন, “শুক্রবার (০৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ আদায়ের সময় ভয়াবহ বিস্ফোরণে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। তাদেরকে দ্রুত হাসপাতালে নেয়া হলে ১৪ জন মারা যান। ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক।”

ডা. শফিকুর রহমান বলেন, “মর্মান্তিক এ ঘটনায় নিহতদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিস্ফোরণে যারা নিহত হয়েছেন মহান আল্লাহ তায়ালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করুন।”

“বিস্ফোরণে যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।”

জামায়াতের আমির বলেন, “সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করে এই ঘটনার জন্য দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।” প্রেস বিজ্ঞপ্তি

এমবি