শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি অব্যাহত রেখে আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
বিবৃতিতে তিনি বলেন, “২০ দলীয় জোটের গণআন্দোলনে দিশেহারা হয়ে আওয়ামী মহাজোট সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের গুলি করে নৃশংসভাবে হত্যা করছে। হত্যা করার পরে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার খবর প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
'দেশের সাড়ে ১৬ কোটি মানুষ ২০ দলীয় জোটের নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ। জনগণের বুকে গুলি চালিয়ে হত্যা, খুন ও নৈরাজ্য, মানুষের বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে জনগণের আন্দোলন দমন করা যাবে না।'
জামায়াতের এই নেতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতার নেশায় বেপরোয়া হয়ে পড়েছেন। তিনি গণহত্যা চালিয়ে ক্ষমতায় থাকার স্বপ্নে বিভোর। তিনি গত ২৮ জানুয়ারী পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে প্রদত্ত বক্তব্যে ২০ দলীয় জোটকে লক্ষ্য করে ‘তাদের বিরুদ্ধে যত কঠিন ব্যবস্থা নেয়া দরকার সেটা আপনারা নিবেন। যা কিছু হোক, সেটার দায়িত্ব আমি নিব’ এবং মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ ২৯ জানুয়ারী রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত এক সমাবেশে ২০ দলীয় জোটকে লক্ষ্য করে ‘যে কোন মূল্যে নির্মূল করা হবে’ মর্মে বক্তব্য দিয়ে রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীকে মানুষের বুকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন।
'তাদের এ দায়িত্বহীন বক্তব্যের জন্য পুলিশের গুলিতে যত লোক নিহত হচ্ছে তার সকল দায়-দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গ্রহণ করতে হবে। তাদের একদিন অবশ্যই জনগণের নিকট প্রতিটি হত্যাকান্ডের জন্য জবাবদিহি করতে হবে।'
'গণতান্ত্রিক বিশ্ব ও মানবাধিকার সংস্থাসহ আন্তর্জাতিক মহল সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে। কিন্তু সরকার রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধানের পরিবর্তে দমন, পীড়ন, হত্যা, খুন ও গুমের মাধ্যমে আন্দোলন স্তব্ধ করে ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে।প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের। আজও সারা দেশে প্রায় তিনশত নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।'
'জুলুম, নিপীড়ন এবং গুলি চালানো এ মুহূর্তে বন্ধ করার এবং গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।'
'২০ দলীয় জোট ঘোষিত শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ ও গণঅবরোধ কর্মসূচী অব্যাহত রেখে সরকার পতনের আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নেয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
জেএ





