দেশের গণমাধ্যমকে একচোখা নীতি পরিহার করে সত্য, ন্যায় আর জনগণের পক্ষালম্বনের আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় এ আহবান জানান।

নেতৃদ্বয় বলেন, দেশের সচেতন ও সংবাদ প্রিয় মানুষের জন্য প্রিন্ট, ইলেকট্রনিক, রেডিও ও অনলাইন গণমাধ্যমের ব্যাপক প্রসার ঘটেছে। কিন্তু একই সাথে সংকুচিত হয়েছে সত্য প্রকাশের প্রবণতা। আমরা লক্ষ্য করছি কিছু কিছু গণমাধ্যম প্রকাশ্যে ঘোষণা দিয়ে সরকারের সাথে একাত্মতা প্রকাশ করে সরকারের মুখপাত্র হিসেবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে। আর বাকি গণমাধ্যমগুলোকে বাধ্য করা হচ্ছে, নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে সত্য প্রকাশ থেকে বিরত থেকে সরকারের ইঙ্গিতানুযায়ী খবর পরিবেশন করতে। এই অবৈধ সরকার দেশের সকল ব্যক্তি মালিকানাধীন গণমাধ্যমগুলোকে বিটিভি বানানোর মিশনে নেমেছে।

নেতৃদ্বয় আরো বলেন, ১৯৭৫ সালে যে বাকশালের ভূত এ জাতির ঘাড়ে চেপে বসেছিল তা বারবারই ফিরে এসে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ বলে খ্যাত গণমাধ্যমের উপর আঘাত করছে। এই আওয়ামী সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই চেষ্টা করেছে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের। যেসব গণমাধ্যমকে তারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে তাদেরকে ‘আমার দেশ’, ‘দিগন্ত টিভি’ কিংবা ‘ইসলামিক টিভি’র মত পরিণতি ভোগ করতে হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে সেসব গণমাধ্যম।

গণমাধ্যম আর গণমাধ্যম কর্মীদেরকে সত্য প্রকাশের আহবান জানিয়ে নেতৃদ্বয় বলেন, ‘দেশের সকল ক্রান্তিকালে দেশের জনগণ আপনাদের উপর ভরসা করে। জনগণ আপনাদের কাছ থেকে সত্য তথ্য জানতে চায় এবং আশা করে আপনারা জীবন বাজি রেখে হলেও জনগণের সেই প্রত্যাশা পূরণে কাজ করে যাবেন।’

জেএ