হজ নিয়ে মন্তব্য করে তোপের মুখে থাকা বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘তিনি তার মন্তব্যে অনড়। বক্তব্য প্রত্যাহারের প্রশ্নই আসে না।’
তবে দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেই তিনি মন্তব্য প্রত্যাহার করে নিতে পারেন বলে মঙ্গলবার বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।
তিনি বলেন, ‘একজন স্বাধীন ও আধুনিক মানুষ হিসেবেই হজ সম্পর্কে এই মন্তব্য করেছি। চাপের মুখে পদত্যাগ করার কোনো প্রশ্নই আসে না। আমি কিছুই করবো না। প্রধানমন্ত্রী যে নির্দেশ দেবেন আমি সেটা প্রতিপালন করবো।’
তিনি বলেন, ‘এই মন্তব্যকে ঘিরে বিভিন্ন দলের নেতারা যে সব কথাবার্তা বলছেন, আমার অপসারণের যে দাবি উঠেছে তা জানি। আমি শুধু আমার বিশ্বাসের কথা বলেছি। এতে কারও কারও আঘাত লাগতে পারে এবং তারাও আমাকে আঘাত করে মতামত প্রকাশ করছে।’
যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের একটি অনুষ্ঠানে তিনি কি বলেছেন, তার একটি অডিও বাজিয়ে শোনাতে চাইলে তিনি বলেন, ‘এটা শোনানোর প্রয়োজন নেই। কারণ আমি কি বলেছি সেটা আমি জানি। যা রেকর্ড করা আছে। সেটা ঠিকই আছে। আমি ওই কথার ১০০ ভাগ দায়িত্ব নিচ্ছি। অনুতাপ করার কিছু নেই। প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনায় আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন। তিনি যেটা ভাল মনে করবেন সেটা করবেন। আমি যদি বোঝা হয়ে যাই তাহলে বোঝা রাখবেন কেনো?’
লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি বাংলাদেশে বসে এই মন্তব্য করিনি। আমি ভেবেছিলাম মুক্ত পৃথিবীতে এসেছি, যেখানে সবাই মুক্ত বিহঙ্গ, কোনো কিছুতেই বাধা নেই। কিন্তু এখানেও যে কালো বিড়াল এতো রয়ে গেছে তাতো আমি জানি না।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রোববার প্রবাসীদের এক অনুষ্ঠানে ইসলামের ৫ স্তম্ভের অন্যতম পবিত্র হজ, মহানবী হযরত মুহম্মদ (সা.), তবলিগ জামাত, চাঁদার বিনিময়ে তদবির, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং প্রবাসীদের নিয়ে ধৃষ্টতাপূর্ণ কটূক্তি করেন আব্দুল লতিফ সিদ্দিকী।
ঢাকা, ১ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, জেএ





