রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার দুই মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দণ্ডবিধির মামলায় দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুর রহমান ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন।
এই দুই মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। দুটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। এ ছাড়া দণ্ডবিধির মামলায় সাক্ষী করা হয়েছে ১৩ জনকে এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাক্ষী করা হয়েছে ১২ জনকে।
এ দুই মামলায় আমানউল্লাহ আমান ও কামাল হোসেন ছাড়া বাকি সবাইকে পলাতক দেখানো হয়েছে। এ দুজন হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।
খালেদা ছাড়া এ মামলায় অন্য আসামিরা হলেন আমানউল্লাহ আমান, সরাফত আলী সফু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, প্রেস সচিব মারুফ কামাল খান, সুলতান সালাউদ্দিন টুকু, মামুন খান, মো. মাকসুদ, মো. ফারুখ, দোলেয়ার হোসেন, মনি হোসেন, মো. মনা, মো, বাবু, আবদুর রহিম, মাহবুব হোসেন, কামাল হোসেন, সাফায়েত রাব্বী, এইচ এম ইমরান, শ্যামল আহমেদ, তপু দেওয়ান, আবদুল জব্বার, সরোয়ার আলম। দুই অভিযোগপত্রে তাঁরাসহ ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, একটি মামলায় আসামি করা হয়েছে ২৪ জন এবং অন্যটিতে ২৭ জন।
সংশ্লিষ্ট আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন এনটিভি অনলাইনকে জানান, দণ্ডবিধির মামলা আগামী ১ জুন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় আগামী ৩১ মে পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
জাহাঙ্গীর আরো জানান, আজ ঢাকার মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে অভিযোগপত্র দুটি উপস্থাপন করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি কোনাবাড়ী বাসস্ট্যান্ড থেকে দিয়াবাড়ি যাওয়ার পথে হযরত শাহ আলী মাজারের খালি বালু মাঠের পূর্ব পাশে ৩৩ নং হযরত আলী কলা মার্কেটের বিপরীতে আনন্দ সুপার নামক একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ও ২৫(ঘ) ধারায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
আরেকটি মামলার নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে দেশব্যাপী অবরোধ ও হরতাল শুরু হয়। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে ২০১৫ সালের ৩ মার্চ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং আমানউল্লাহ আমান, সরাফত আলী সফু, হাবিবুন নবী খান সোহেল।
আরও রয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া ও সুলতান সালাউদ্দিন টুকুর ইন্ধনে ২০ দলের সমর্থিত রাজনৈতিক দলের কর্মসূচি চলাকালে গাবতলী বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে গ্রেটওয়ালের মাঠে পার্কিংয়ে থাকা অবস্থায় একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বাদী হয়ে দণ্ডবিধির ৪৫৩ / ৩০৭/১০৯ ও ৩৪ ধারায় ২০ জনসহ আরো অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এমআর





