নড়াইলের গৃহহীন ১১০ বছর বয়সী এক বৃদ্ধার অবর্ণনীয় দুর্দশার কথা জানতে পেরে তার জন্য একটি বসবাসের ঘর নির্মাণ করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
সম্প্রতি জাতীয় পত্রিকায় নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরপরাণপুর গ্রামে মধুমতি নদীর ভাঙনের শিকার ১১০ বছর বয়সী সর্বস্বান্ত বৃদ্ধা অজিরন্নেসার অবর্ণনীয় দুঃখ-কষ্টের খবর প্রকাশিত হয়। প্রকাশিত খবরটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের দৃষ্টিগোচর হয় এবং এ খবরে তিনি খুবই মর্মাহত হন।
জামায়াত আমির ডা: শফিকুর রহমান তৎক্ষণাৎ নড়াইল জেলা জামায়াতের আমির জনাব আতাউর রহমান বাচ্চুর সাথে যোগাযোগ করে ভিটে-মাটি ও ঘর-বাড়িহারা বৃদ্ধা অজিরন্নেসার খোঁজ-খবর নেন। তিনি আজিরন্নেসার জন্য একটি বাড়ি নির্মাণের নির্দেশ দেন।
আমিরে জামায়াতের সেই নির্দেশানুযায়ী ওই বৃদ্ধা মহিলার জন্য ৪ শতাংশ জমি ক্রয় করে একটি সেমি পাকা টিনশেড বাড়ি নির্মাণ করা হয়। এতে একটি শয়নকক্ষ, একটি রান্নার ঘর ও একটি টয়লেট রয়েছে।
নির্মাণকৃত বাড়িটি ১৩ ফেব্রুয়ারি দুপুরে আমিরে জামায়াতের প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোবারক হোসাইন আমিরে জামায়াতের পক্ষ থেকে বৃদ্ধা মহিলাকে বুঝিয়ে দেন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু, জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি বাদশা মিয়া, লোহাগাড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, লোহাগাড়া পৌর আমির জামিরুল হক টুটুল প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি
এমআর





