বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সময় সমালোচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম জানান, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসএম তৌহিদ আল হোসেন তুহিনকে সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, তুহিনকে পদচ্যুত করে রাবি ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক খালিদ হোসেন বিপ্লবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। বিপ্লব বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলায়।

জানা গেছে, চাঁদা দিতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মনীরকে পিটিয়ে আহত করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় প্রত্যক্ষভাবে নেতৃত্ব দেন তৌহিদ আল হোসেন তুহিন। এর আগে থেকেই নিজ দলের কর্মীকে মারধর, অস্ত্রবাজী, চাঁদাবাজী, বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডসহ তুহিনের বিরুদ্ধে অসংখ্য অপকর্মের অভিযোগ রয়েছে।

তুহিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা।

নতুন দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত সম্পাদক খালেদ হাসান বিপ্লব বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আমাকে ফোন করে দায়িত্ব পালনের কথা জানিয়েছেন।’ বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিত হয়ে সংগঠনের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি,কম, এসআর