গত তিন মাসে যৌথ বাহিনীর হাতে ২৯৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, এ পর্যন্ত হত্যার শিকার হয়েছেন ২২৭ জন। মোট গুম ১৮৭ জন। যৌথ বাহিনীর অভিযানে মোট নিহতের সংখ্যা ২৯৪ জন। গত ১০ দিনেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে দশটি লাশ পাওয়া গেছে। নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিসহ তিনজন আসামিকে হত্যা করা হয়েছে।’
ফখরুল বলেন,‘কোনো দেশে যখন স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা হয় তখন বিরোধীদের দমনে এ পদ্ধতি অনুসরণ করা হয়।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন,‘নির্বাচনের আগে ও পরে সহিংসতার অভিযোগ এনে বিরোধী দলের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হচ্ছে। গ্রামের পর গ্রামে যৌথবাহিনীর অভিযানের নামে নির্যাতন চালানো হচ্ছে। গ্রামগুলো লুটপাট ভাঙচুর করে জনশূন্য বানানো হয়েছে। চারিদিকে গ্রেফতার আতঙ্ক। গুম ও নির্বিচারে হত্যা। এমনকি এজাহারভুক্ত আসামিদেরও হত্যা করে ফেলে রাখা হচ্ছে।’
তিনি এসব হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্তের দাবি জানান।
সরকার সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাসের আশ্রয় নিয়েছে বলে মির্জা ফখরুল বলেন, যারাই সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরই ধ্বংস করার উৎসবে মেতেছে সরকার। সাতক্ষীরা, চাঁদপুর, গাইবান্ধাসহ গোটা উত্তরবঙ্গে আজ রাষ্ট্রীয় সন্ত্রাস কবলিত। এসব জায়গার যৌথবাহিনীর অভিযান দেখে আমাদের মনে পড়ে পাক হানাদারদের নৃশংসতার ঘটনা।
যৌথবাহিনীর অভিযান নিয়ে বিএনপি চেয়ারপার্সনের দেয়া বক্তব্যের বিষয়ে সৈয়দ আশরাফের দেওয়া আল্টিমেটাম ও অভিযোগ মিথ্যাচার উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বিএনপি চেয়ারপারসন এমন কোনো বক্তব্য দেন নি, যা নিয়ে কেউ অভিযোগ করতে পারে।’
তিনি বলেন, ক্ষমতাসীনরা এসব ভিত্তিহীন অভিযোগ এনে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। সৈয়দ আশরাফের মুখে এমন বক্তব্য শোভা পায় না, তিনি সত্য কথা বলেননি। সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফের দেয়া আল্টিমেটামের সময় তিনি কোন অবস্থায়, কিভাবে ছিলেন তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ফখরুল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ নৈতিকভাবে পরাজিত হয়েছে। এজন্য একটি প্রহসনের নির্বাচনের পরে দেশ ও আন্তর্জাতিক দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করা হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, ক্ষমতানসীনরা যে ভাষায় কথা বলছে তা মানবাধিকারের পুরোপুরি লঙ্ঘন। জনগণের মৌলিক অধিকারের জন্য হুমকি। তারা পুনরায় ক্ষমতাসীন হয়ে বিরোধীদল নিধনের কার্যক্রম হাতে নিয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন সবকিছু ওপর নিয়ন্ত্রন আরোপ করেছে। তাদের ইচ্ছে অনুযায়ী জুলুম নির্যাতন করতে এসব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। এমন অভিযোগ করে তিনি বলেন, এজন্য সরকার সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাসের আশ্রয় নিয়ে অসহনীয় পরিবেশ সৃষ্টি করেছে।
ঢাকা, ২২ জানুয়ারি (টাইমনিউজবিডি)/এমএইচটি/এফএ
রাজনীতি
'তিন মাসে যৌথ বাহিনীর হাতে নিহত ২৯৪'
গত তিন মাসে যৌথ বাহিনীর হাতে ২৯৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।





