চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেক অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।
আগে চারবার জামিনে মুক্তির পর জেলগেট থেকে তাকে আটক করেছিল পুলিশ। কিন্তু এবার পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতারের কোন উদ্যোগ নেয়া হয়নি।
জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম এমরান ভূঁইয়া বলেন, জাফর সাদেক সব মামলাতেই জামিনে আছেন। তার বিরুদ্ধে যেসব মামলা ছিল প্রায় সব গুরুত্বপূর্ণ মামলাতেই তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। নতুন কোন মামলা না থাকায় তাকে গ্রেফতার করা যায়নি।
কারা কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সাতকানিয়া ও লোহাগাড়া থানার ১১টি এবং নগরীর বিভিন্ন থানার পাঁচটি মামলায় তাকে শ্যোন এ্যারেস্ট দেখানো হয়েছিল। এর মধ্যে সব মামলাতেই তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
সর্বশেষ মামলায় বৃহস্পতিবার বিকাল ৩টায় জামিন আদেশ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। এরপর বিকাল ৫টা ২৫ মিনিটে তাকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আহমেদ মুকুল।
সূত্র জানায়, জাফর সাদেকের মুক্তি পাবার বিষয়টি কারা কর্তৃপক্ষ এবং গোয়েন্দা সংস্থার পক্ষ নগর ও জেলা পুলিশের বিশেষ শাখাকে অবহিত করা হয়েছিল। কিন্তু মুক্তির সময় পুলিশ কারাফটকে ছিলনা। মুক্তির পর জাফর সাদেক কারাফটকে আগে থেকে অপেক্ষমাণ একটি মাইক্রোবাসে করে চলে যান।
২০১৩ সালের ২৫ এপ্রিল নগরীর মেহেদিবাগ এলাকায় জামায়াত নিয়ন্ত্রিত একটি হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ঢাকা, ২৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর





