নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার সুষ্ঠু বিচার নিয়ে সন্দেহ প্রকাশ করে বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘তদন্ত থেকে শুরু করে অভিযুক্তদের গ্রেফতার পর্যন্ত যেভাবে দীর্ঘসূত্রিতা এবং ধোয়াশা সৃষ্টি করা হয়েছে তাতে এ ঘটনার বিচার নিয়ে সংশয় প্রকাশ করা অমুলক নয়।’
এসময় তিনি বিএনপিকে বিলুপ্ত করতে সরকার পরিকল্পিতভাবে এলিট  ফোর্স র্যা বকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন।
শনিবার সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির কাছে সাক্ষীরা নিশ্চিন্তে নির্বিঘ্নে স্বাক্ষ্য দিতে ভয় পাচ্ছে।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, নারায়ণগঞ্জের ঘটনার পর মানুষের আশা ছিলো দেশব্যাপি খুন, গুম, অপহরণ থেমে যাবে। কিন্তু খুন-গুম থেমে নেই, বরং বেড়েই চলেছে। তাই নদী-নালা, মাঠে-ঘাটে, খাল-বিলে লাশ ভেসে থাকছে।
র্যা বকে নয়, বিএনপি বিলুপ্ত করতে হবে-আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের এমন বক্তব্যের দৃষ্টি আকর্ষন করা হলে রিজভী বলেন, সেলিমরা নিজেদের জমিদার মনে করে। এইজন্য ক্ষমতার মোহে বেসামাল হয়ে ওলটপালট কথা বলছেন।
তিনি বলেন, আওয়ামী রুদ্রশাসনের ভয়ংকর শৃঙ্খল থেকে দেশবাসীতে এখনই মুক্ত করতে না পারলে গোটা দেশ তলিয়ে যাবে। সেজন্য সকল গণতান্ত্রিক শক্তিকে আন্দোলনে বহ্নিতাপে সরকারের পতন ঘটাতে হবে।
তিনি বলেন, সরকার রাজনৈতিক কারনেই র্যা বের ন্যায় আইন প্রয়োগকারী সংস্থাকে মানবতাবিরোধী, সভ্যতাবিরোধী, সর্বনাশা কর্মকাণ্ডে যুক্ত করেছে। এই কারনেই প্রকৃত আসামীকে ধরে আইনের আশ্রয়ে এনে বিচার নিশ্চিত করা হয়না। সরকার ছাড়া নিশ্চয়ই সাধারণ মানুষ এ কাজগুলো করতে পারেনা।  
[b]ঢাকা, এমএইচ, ১৭মে(টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]