আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খোঁজ-খবর, তথ্য আমাদেরও আছে। এই ঐক্য প্রক্রিয়া, এই যুক্তফ্রন্ট- তারা সবাই নির্বাচনে আসবেন। যে যেটাই বলুন, আমি কাউকে আক্রমণ করছি না। সে পথটা খোলা আছে। বিএনপি না এলে তারা আসবে না?
আজ (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে কাদের এইসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এক মাসের মধ্যে আন্দোলনের কথা মওদুদ সাহেব বলেছেন না-, তিনি যে অর্থে বলেছেন উনি ভেবেছেন বিশাল একটা সাগরের উত্তাল উর্মিমালা চলে আসবে রাজপথে, মওদুদ সাহেবদের ক্ষমতায় বসানোর জন্য। সেই পরিবর্তন এক মাসে হবে না। এক মাসে দেখবেন, শিডিউল যখন ঘোষণা হবে কতজন এসে নির্বাচনে অংশ নেয়।
কাদের বলেন, দাবিনামা তো আসবেই। বিরোধী দল যা আদায় করা যায় সেটা নিয়ে দাবি করবেই। এ নিয়ে আমাদের মধ্যে কোনও অসহিষ্ণুতা নেই। আমরা সরকারের আছি, আমাদের সহিষ্ণুতা দেখাতে হবে। ইলেকশনের ছবি, এখন যে আন্দোলনের ছবি সেটা থাকবে না। ওই ছবিটা অংশগ্রহণের, উৎসব মুখর পরিবেশের যে দৃশ্যপট সেটাই দৃশ্যমান হবে।
যুক্তফ্রন্ট আগামী নির্বাচনে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কি- এমন প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা তো স্বাগত জানাবো, আসুক না। ফ্যাক্টর হবে কিনা, সেটা জনগণ ঠিক করবে, দেশের মানুষ।
এমবি





