রেলপথ মন্ত্রী  মজিবুল হক বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আন্তঃনগর ট্রেন মিস করে গোলাপী এখন উপজেলা নির্বাচনের লোকাল ট্রেনে উঠেছেন। আওয়ামী লীগের অধীনে সিটি কর্পোরেশন নির্বাচনে গেলেন। অথচ সংসদ নির্বাচনে এলেন না। আবার উপজেলা নির্বাচনে এলেন।’
সোমবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে রেলপথ মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি নেত্রী সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগেন। এ জন্য তিনি সংসদ নির্বাচনে আসতে পারেননি। কিন্তু তিনি গোলাম আজম, নিজামীদের পক্ষ নিতে ভুল করেননি। যুদ্ধাপরাধীদের বিচাকে বাধাগ্রস্ত করতে তিনি জামায়াত-শিবিরকে মাঠে নামিয়েছেন।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শাটল ট্রেন ও মুন্সী মেহেরুল্লাহ স্টেশন চালুসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য। এতে আরও বক্তব্য দেন যবিপ্রবির ট্রেজারার প্রফেসর জামাল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. শেখ মিজানুর রহমান।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]