ঢাকার দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবির বিষয়ে বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যাদের ব্যর্থতার দগদগে ঘা রয়েছে তারাই ঢাকার দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন। ব্যর্থতার জন্য বিএনপিরই টপ টু বটম পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, তারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। তারা বন্যার্তদের পাশেও দাঁড়াতে পারেনি।
মঙ্গলবার (২৯ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জরুরি সভায় তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু প্রতিরোধে দেশের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চালাবে আওয়ামী লীগ। আগামীকাল সকাল ১১ টা থেকে ১টা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা ধানমন্ডিস্থ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এবং তার আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে।
একই সময় ঢাকার প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালাবে নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।’
এদিকে পরিচ্ছন্নতা অভিযানের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী ২ আগস্ট শুক্রবার জুমার নামাজের কারণে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চলবে। আর ৩ আগস্ট যথারীতি ১০টা থেকে ১ টা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালাবে আওয়ামী লীগ। এই পরিচ্ছন্নতা অভিযান কোনো দায়সারা কর্মসূচী হবে না। জেলা-উপজেলা পর্যায়ের নেতারাও এই অভিযানে অংশ নিবে। এখন সংসদ অধিবেশনের কার্যক্রম চলছে না। সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিবে।
‘ডেঙ্গু ও গুজব’ প্রতিরোধে মসজিদের ইমামদেরকেও জুমার খুতবায় আলোচনা করার আহ্বান জানান সেতুমন্ত্রী।
আগামী শুক্রবার দুপুর দেড়টায় নির্বাচন কমিশনে আওয়ামী লীগের দলীয় আয়-ব্যয়ের হিসাব জমা দেয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, একে এম এনামুল হক শামীম, আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এএস





