বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান ক্ষমতাসীনরা আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে মানুষকে গুম করে মুক্তিপণ আদায় করছে।

এমনকি তারা জবর দখলে উচ্চ আদালত থেকে নির্দেশনাও জারি করছে যা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘অবৈধ এ সরকার সব কিছুই দখল করে নিয়েছে। আর এসবের সহযোগিতা করছে আইন-শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের ইচ্ছা অনুযায়ী নতুন করে ইতিহাস রচনা করা হচ্ছে।

আর এসবের জন্য ক্ষমতাসীনরা উচ্চ আদালত থেকে নির্দেশনাও জারি করছে যা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই।’

তত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্ষমতাসীন দলের অনেকেই তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে ছিলেন।

কিন্তু তত্ত্ববধায়ক সরকার শুধু মাত্র একজনের ইচ্ছায় বাতিল করে সংবিধান সংশোধন করা হয়েছে। কারণ শেখ হাসিনা জানতেন, এ সরকার ব্যবস্থা থাকলে তিনি চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য প্রস্তুত উল্লেখ করে ক্ষমতাসীনদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা প্রস্তুত থাকুন, একদিন বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে।

মানুষ হত্যা, গুম-খুন ও নির্যাতন করেছেন। যারা এর বিরুদ্ধে কথা বলতে চায়, তাদেরকে আপনারা হামলা করে, মামলা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন।

এ সময় সরকারের জবর দখলের প্রসঙ্গ টেনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম বলেন, এ সরকার কোনোভাবেই নির্বাচিত সরকার নয়। তারা হচ্ছে জবর দখলের সরকার। খালেদা জিয়া রাষ্ট্রের বিরুদ্ধে কি এমন কথা বলেছিলেন যে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো? এমন প্রশ্নও রাখেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার জিয়াউর রহমান, সংগঠনের মহা-সচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।

এসএইচ