ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান আতিক বলেছেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা বর্তমান দেশের বিশ্ববিদ্যালয়গুলোর দখলদারিত্ব বজায় রাখতে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছে।

মঙ্গলবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণবিরোধী জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগের সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। অন্যদিকে শিবিরের মেধাবী শিক্ষার্থীদের নির্যাতনের মাধ্যমে দমন করতে চায়। কিন্তু দেশের ছাত্রসমাজ তা প্রতিহত করতে শপথ নিয়েছে।

শিবির সেক্রেটারি জাতীয় সম্প্রচার নীতিমালাকে গণবিরোধী আখ্যায়িত করে অবিলম্বে এই কালো আইনকে বাতিলের দাবিজানান। একইসঙ্গে দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ানসহ আমার দেশ পত্রিকা খুলে দেওয়ার দাবী করেন।

আতিক বলেন, আওয়ামী লীগ নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই জাতীয় নেতৃবৃন্দসহ শিবিরের নেতাদের অন্যায়ভাবে কারাগারে আটক করে রাখছে। অবিলম্বে জামায়াত-শিবির নেতৃবৃন্দসহ জাতীয় নেতাদের‍মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তি দিতে হবে।

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টা ৫০ মিনিটে প্রবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই প্রতিবাদ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপি আহবায়ক মির্জা আব্বাস।

সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

২০ দলীয় জোটের নেতাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি. নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, জামায়াতের ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ সেলিম উদ্দীন,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন,

কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য কবির আহমেদ, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির চেয়ারম্যান আব্দুল মবিন, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি প্রমুখ উপস্থিত রয়েছেন ।

ঢাকা, এমএইচ, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর