সারাদেশে ক্রমবর্ধমান গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।
বুধবার সকালে রাজধানীর মিরপুরে একটি মিছিল বরে করেন জামায়াতের নেতাকর্মীরা।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোবারক হোসাইন বলেন, দেশে চরম অরাজক পরিস্থিতি বিরাজ করছে। প্রতিদিন গড়ে দুইজন নারী ধর্ষণ বা গণধর্ষণের শিকার হচ্ছেন।
তিনি আরো বলেন, ঘরে-বাইরে, রাস্তা-ঘাটে, বাসের ভেতর-অটোরিকশার ভেতর গণধর্ষণের শিকার হচ্ছেন নারীরা। এসব অপকর্মের সাথে সরকারি দলের ক্যাডাররা সরাসরি জড়িত থাকায় তাদের বিচার হচ্ছে না।
মোবারক হোসাইন বলেন, সারাদেশে প্রতিনিয়ত এমন নির্মম পৈশাচিক ঘটনা ঘটলেও সরকার নির্বিকার। খুনীদের বিচার না হওয়ায় দেশে প্রতিদিন এসব পৈশাচিক ঘটনা বেড়েই চলেছে।
দেশের মানুষের জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন এই জামায়াত নেতা। এসময় আরো উপস্থিত ছিলেন লস্কর মো: তসলীম ও আবদুল সালাম।
এছাড়া ঢাকা মহানগর জামায়াতের মতিঝিল শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বুধবার বিক্ষোভ মিছিলটি মৌচাক মোড় থেকে শুরু হয়ে মালিবাগ রেল গেটে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন বলেন, সরকারের উপর্যুপরি ব্যর্থতা ও সঙ্কীর্ণ দলীয় মনোবৃত্তির কারণেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সরকারি দলের সন্ত্রাসীরা গোটা দেশকেই অপরাধের লীলাভূমিতে পরিণতি করেছে।
তিনি আরো বলেন, আশঙ্কাজনকভাবে বেড়েছে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা। মাতৃগর্ভেও শিশুরা নিরাপদ নয়। এমতাবস্থায় কোনো বিবেকবান ও সচেতন মানুষ উদাসীন ও নির্লিপ্ত থাকতে পারে না।
সরকারের সীমাহীন ব্যর্থতা, জুলুম-নির্যাতন ও দেশ-জাতিস্বত্ত্বা বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হেলালউদ্দীন।
এই সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন, শিবিরের মহানগরী পূর্বের সেক্রেটারি শরীফ হোসেন, সোহেল রানা মিঠু, আশরাফ উদ্দীন, মতিঝিল থানা জামায়াতের সেক্রেটারি মুতাসিমবিল্লাহ ও শাহজাহানপুর সেক্রেটারি সাইদুর রহমান।
এমএইচ





