ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাংবাদিকদের ওপর যে হামলা চালিয়েছে তাতে ছাত্রলীগ এখন খুনি ও বর্বর একটি সংগঠনে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, সোমবার সন্ধ্যায় ঢাবির মলচত্বরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সূর্যসেন হলের ছাত্রলীগ সভাপতি মোবারক হোসেন ও তার ক্যাডাররা সাংবাদিকদের ওপর লাঠিসোটা, হকিস্টিক ও চাপাতি নিয়ে হামলা চালায়। এতে সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক ও ইনডিপেন্ডেন্ট পত্রিকার গালিব আশরাফ, যমুনা নিউজ’র মনিরুল ইসলাম, বৈশাখী টিভির মাসুদ খান, কালের কন্ঠের রফিক, দ্য রিপোর্টের জাহিদ, এশিয়ান টিভির সেতু সহ ১০ জন সাংবাদিক গুরুতর আহত হন।
বিবৃতিতে ছাত্রদল নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষ বিদ্যাপীঠ। মেধাবীদের চারণভূমি। এই শিক্ষা প্রতিষ্ঠানকে বারবার কলুষিত করছে ছাত্রলীগ। সাংবাদিকদের ওপর এ হামলা ছাত্রলীগের হিংস্রারতা, বর্বরতা ও বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ।
জাতীয় প্রেসক্লাবের ভেতরে সাংবাদিকদের ওপর ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী হামলা, সাগর-রুনি হত্যা আওয়ামী শাসনামলে সাংবাদিক নির্যাতনের বিষয়ও তুলে ধরা হয় বিবৃতিতে।
বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে হামলাকারী ছাত্রলীগ 'ক্যাডারদের' বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানানো হয়।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





