স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দুই ভাগে বিভক্ত তাবলিগ জামাত এ বছরের বিশ্ব ইজতেমা একসঙ্গে করবে না আলাদাভাবে করবে তা আগামী বুধবারের বৈঠকে নির্ধারিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কিন্তু তাদের ওপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না। তারা বসে সিদ্ধান্ত নেবেন, একসঙ্গে করবেন কি করবেন না।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান।
বৈঠকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ছাড়াও তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থী অনুসারীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমরা শেষ চেষ্টা করছি, তাদের দুজনকে একত্র করে। ইজতেমাটা যাতে সুন্দরভাবে বাংলাদেশে চালু থাকে। এই ইজতেমাটা যাতে একসঙ্গে করতে পারেন তারা, সে চেষ্টাটাই আমরা করে যাচ্ছি।
একপক্ষের লোক আসেনি, তারা বলছে সময়মতো তারা নোটিশটি পায়নি, তাই তারা আসতে পারেনি।
তাবলিগ জামাতের আয়োজনে বছরের পর বছর ধরে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু গত বছর থেকে মাওলানা সাদপন্থী এবং সাদবিরোধী এই দুই পক্ষে বিভক্ত হয়ে আছে তাবলিগ জামাত। তাদের বিভক্তির কারণেই ২০১৯ সালের বিশ্ব ইজতেমা হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এ অবস্থায় সোমবার অনুষ্ঠিত বৈঠকে মাওলানা সাদপন্থীরা অংশ নিলেও সাদবিরোধীরা সময় স্বল্পতার কারণে বৈঠকে আসতে পারেনি। তবে তাদের অনুরোধে আগামী বুধবার সকালে দুই পক্ষকে নিয়ে আবারও বৈঠকে বসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এএস





