বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাদারীপুর জেলার ৫০ গ্রামে আজ শনিবার পালিত হচ্ছে ঈদুল আজহা।

প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ ঈদ উদযাপন করছে হযরত সুরেশ্বরীর অনুসারীরা।

সুরেশ্বর দ্বায়রা শরীফের প্রধান গদীনশীন পীর আলহাজ খাজা শাহ্ সূফী সৈয়দ নূরে আক্তার হোসাইন জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হচ্ছে।

তাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরে নড়িয়া উপজেলার সুরেশ্বর দ্বায়রা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর অনুসারীরা আজ ঈদুল আজহা উদযাপন করছে।

যেসব এলাকায় ঈদ উদযাপন করা হচ্ছে সেগুলো হলো- মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচরকাতলা, চরগোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, কুনিয়া, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, আউলিয়াপুর,

রামারপোল, ছবিপুর, ছিলিমপুর, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর, স্বর্ণকারপট্রিসহ চারটি উপজেলার প্রায় ৫০ গ্রামের অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শনিবার ঈদুল আজহা উদযাপন করছে।

মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর গ্রামের মো. হাশেম মাস্টার জানান, সুরেশ্বর দ্বায়রা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর অনুসারীরা ১৪৫ বৎসর পূর্ব থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।

ঈদুল আজহা উপলক্ষে মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও কালকিনির আন্ডারচর খানকায় শরীফ মাঠে ঈদের বৃহৎ জামাত আয়োজন করা হয়েছে।এ সব গ্রামের মানুষের মধ্যে বিরাজ করছে ঈদের আনন্দ।

এআর