নরেন্দ্র মোদির নামে বিনা মূল্যের অ্যান্টিভাইরাস উন্মুক্ত করছে ভারতের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামের সংক্ষেপ ‘নমো’। এ নামে বিনা মূল্যের অ্যান্টিভাইরাস উন্মুক্ত করছে ভারতের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইনোভেজন।
এই অ্যান্টিভাইরাস পিসি ব্যবহারকারীদের ম্যালওয়্যার ও ভাইরাস থেকে সুরক্ষা দেবে।
ইনোভেজন জানিয়েছে, নমোর বর্তমান সংস্করণটি প্রাথমিকভাবে পিসির সুরক্ষা দিলেও এর উন্নত সংস্করণটি অ্যাপলের ম্যাক পিসিতেও সুরক্ষাপণ্য হিসেবে ব্যবহার করা যাবে। এই সংস্করণটির নিয়মিত আপডেটও করা হবে।
ইনোভেজনের প্রধান নির্বাহী অভিষেক জ্ঞানেজা জানিয়েছেন, ইন্টারনেট ব্যবহারকারীর হিসেবে বিশ্বে তৃতীয় বৃহত্তম দেশ ভারত। দেশটিতে মাত্র ১৩ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী বৈধ লাইসেন্সের অ্যান্টিভাইরাস ব্যবহার করেন। ৩০ শতাংশ ক্ষেত্রে ট্রায়াল সংস্করণ রি-ইনস্টল করতে দেখা যায়। দেশটিতে প্রায় ৪৩ শতাংশ ক্ষেত্রে কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করতে দেখা যায় না বা যে অ্যান্টিভাইরাস ব্যবহার করা হয়, সেগুলো পরিচিত নয়। এ ক্ষেত্রে নমো অ্যান্টিভাইরাসটি কাজে লাগতে পারে।
জ্ঞানেজা বলেন, নমো অ্যান্টিভাইরাস তৈরি করলেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। তবে বর্তমান ভারত সরকারকে স্বাগত জানাতে এবং তাদের কাছে প্রত্যাশার বিষয়টি তুলে ধরতেই এই সফটওয়্যারটি বিনা মূল্যে উন্মুক্ত করা হচ্ছে। সূত্র: পিটিআই।
ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





