অবশেষে প্রায় ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এ তথ্য জানায়।

মাইক্রোসফটের ৩৯ বছরের ইতিহাসে এটিই হবে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা।

গত ফেব্রুয়ারিতে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেয়ার পর ভারতীয় প্রযুক্তিবিদ সত্য নাদেলা মাইক্রোসফটকে আরও লাভজনক করে তুলতে ৬০ কোটি ডলার মাসিক খরচ কমানোর পরিকল্পনা হাতে নেন। তখন থেকেই প্রতিষ্ঠানটির বিপুলসংখ্যক কর্মীর চাকরি হারানোর জল্পনা শুরু হয়। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্য হলো, বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির প্রায় ১৮ হাজার কর্মী চাকরি হারাচ্ছেন।

আগামী বছরের মধ্যেই ব্যয় সঙ্কোচনের লক্ষ্যে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে নাদেলা বলেছেন,  'এমন সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন হলেও প্রয়োজনীয়।'

ছাঁটাই তালিকায় রয়েছেন যুক্তরাজ্যে কর্মরত প্রায় সাড়ে ৩ হাজার কর্মী। আর গত এপ্রিলে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া কিনে নিয়েছিল মাইক্রোসফট। ছাঁটাইয়ের বড় অংশটি মূলত নকিয়া থেকেই হবে। মাইক্রোসফট জানিয়েছে, নকিয়া থেকে চাকরি হারাবেন সাড়ে ১২ হাজার কর্মী।

তবে হঠাৎ করে যে তাদের বরখাস্ত করা হবে তা নয়। ছাঁটাইয়ের আগে সবাইকে ৬ মাসের নোটিস দেওয়া হবে। এমন বিভিন্ন ধাপ পেরিয়ে ১৮ হাজার কর্মীর ছাঁটাই প্রক্রিয়া আগামী বছরের জুলাই নাগাদ শেষ হবে। সূত্র: বিবিসি।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ