মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে রেকর্ড ৩৭.১ মিলিয়ন পাউন্ডের (৪৪.৭ মিলিয়ন ইউরো) বিনিময়ে চেলসি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার হুয়ান মাতা। ইংলিশ চ্যাম্পিয়ন দলটির সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবারই ইউনাইটেডের পক্ষ থেকে মাতার দলে যোগ দেবার বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছিল ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের সাথে চুক্তির সব বিষয় সম্পন্ন হয়েছে।
ভ্যালেন্সিয়া থেকে ২০১১ সালে চেলসিতে যোগ দেবার পরে মাতা ১৩৫টি ম্যাচে ৩২টি গোল করেছেন। নতুন দলে যোগদানের পরে তিনি বলেছেন, ‘ইউনাইটেডে যোগ দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। চেলসিতে আমার বেশ কিছু দারুন বছর কেটেছে। সেখানকার পরিবেশ আমি দারুন উপভোগ করেছি। কিন্তু এখন আমার সামনে নতুন চ্যালেঞ্জ। ইউনাইটেড আমার জন্য সঠিক জায়গা। ক্লাব ইতিহাসে তাদের সাথে যুক্ত হবার সুযোগ পেয়ে আমি বেশ গর্ববোধ করছি।
স্পেনের হয়ে ৩২টি ম্যাচে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা মাতা গতকাল হেলিকপ্টারে করে ম্যানচেস্টারে এসে পৌঁছান। এরপর মেডিকেল পরীক্ষা শেষ করে ক্লাবের ওয়েবসাইট ম্যানইউনাইটেড.কম এ নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘চেলসি শীর্ষসারির ক্লাব এবং সেখানে আমার অনেক বন্ধু রয়েছে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবার সুযোগ কেউ হাতছাড়া করতে চায়না। ম্যানেজার ডেভিড ময়েসকে সহযোগিতা করার জন্য আমি মুখিয়ে আছি। আশা করছি ভবিষ্যতে ক্লাবের সাফল্যে অবদান রাখতে পারবো।
মাতাকে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা প্লেমেকার হিসেবে অভিহিত করে ইউনাইটেড ম্যানেজার ময়েস বলেছেন, তাকে ক্লাবের সাথে যুক্ত করতে পারাটা সত্যিই আনন্দের। সাম্প্রতীক সময়ে চেলসির সাফল্যে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। গত দুটি প্রিমিয়ার লীগ মৌসুমে ৩২টি গোলের মধ্যে তার সহায়তা ছিল ২৮টিতে। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবার পরে তার উত্তেজনা দেখে আমি সত্যিই বিস্মিত। আমাদের বিপক্ষে সে সবসময়ই ভাল খেলেছে। তাই আমি বিশ্বাস করি হুয়ানকে দলে ভেড়ানোয় আমাদের সমর্থকরাও দারুন খুশী হবে। মঙ্গলবার কার্ডিফের বিপক্ষে লাল জার্সি গায়ে তার মাঠে নামাটাকে দারুনভাবে সমর্থন করবে তারা।
এর আগে টটেনহ্যাম থেকে ২০০৮ সালে বুলগেরিয়ান ফরোয়ার্ড ডিমিতার বারবাতোভকে ৩০.৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চুক্তিভুক্ত করেছিল ম্যান ইউ। ট্রান্সফার বাবদ এতদিন পর্যন্ত এটাই তাদের সর্বোচ্চ ব্যয় ছিল।
২০১১ সালে ভ্যালেন্সিয়া থেকে ২৩.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে মাতা চেলসিতে যোগ দিয়েছিলেন। চেলসি ম্যানেজার হোসে মরিনহোর বিবেচনায় খুব একটা আসতে না পেরে ট্রান্সফার উইন্ডোতে তাকে পাওয়া অনেকটাই সহজ হয়ে যায়। গত দুই মৌসুমে চেলসির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মাতা। স্পেনের হয়ে তার ম্যাচসংখ্যা ৩২টি। কিন্তু যেকোন কারণেই হোক মরিনহোকে তিনি সন্তুষ্ঠ করতে পারেননি। প্রায় ম্যাচেই তাকে বেঞ্চে বসে সতীর্থদের খেলা উপভোগ করতে হয়েছে। চলতি মৌসুমে ১৩টি ম্যাচের মধ্যে ৯টিতেই তিনি বদলী খেলোয়াড় হিসেবে খেলতে নেমেছিলেন। চেলসির আক্রমনভাগে মরিনহো মূলত ইডেন হ্যাজার্ড, ওস্কার এবং উইলিয়ামের উপরই আস্থা রেখেছিলেন। পর্তুগীজ এই কোচের মতে চেলসির পদ্ধতিতে মাতা নিজেকে মানিয়ে নিতে পারেনি।
স্যার এ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরী হিসেবে ইউনাইটেড ম্যানেজার ডেভিড ময়েসের সময়টা খুব একটা ভাল যাচ্ছেনা। বর্তমান চ্যাম্পিয়নদের লীগ শিরোপা দৌড়ে ফিরিয়ে আনার জন্য ময়েস বেশ কিছুদিন যাবত হাই প্রোফাইল কোন খেলোয়াড়ের সাথে চুক্তি করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। গত জুলাইতে ফার্গুসনের স্থলাভিষিক্ত হবার পরে ময়েসের অধীনে প্রিমিয়ার লীগে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ম্যান ইউ। বর্তমানে তারা লীগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে। এছাড়া সোয়ানসি সিটির কাছে পরাজিত হয়ে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে এবং সান্ডারল্যান্ডের কাছে পরাজিত হয়ে লীগ কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। এভারটন থেকে দলে যোগ দেবার পর থেকে একজন ভাল মানের মিডফিল্ডারের খোঁজে ছিলেন ময়েস। তারই ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরে সর্বশেষ ট্রান্সফার উইন্ডো বন্ধ হবার আগে তিনি বেশ কয়েকজন শীর্ষ তারকার সাথে আলোচনা করেও ব্যর্থ হন। এর মধ্যে অন্যতম ছিলেন বার্সেলোনার সেস ফ্যাব্রেগাস। মাতা দলে আসায় স্বস্তিতে থাকা ময়েস মনে করেন এর ফলে ক্লাবের মধ্যমাঠ আরো বেশী শক্তিশালী হবে।
এদিকে বৃটিশ গণমাধ্যম শনিবার ইঙ্গিত দিয়েছে তারকা স্ট্রাইকার ওয়েইন রুনির সাথে নতুন চুক্তি করতে ইউনাইটেড ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে। ২৮ বছর বয়সী এই ইংলিশ স্ট্রাইকারের সাথে ইউনাইটেডের বর্তমান চুক্তির সময় আর মাত্র ১৮ মাস বাকি রয়েছে।