ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি চলতি মৌসুমে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল। লিগে প্রথম দুই ম্যাচে জিততে না পারলেও তৃতীয় ম্যাচে ওয়েস্ট ব্রুমউইচের মাঠে ৩-২ গোলে জিতেছে দলটি।

রোববার ব্রুমউইচের মাঠ হথরন্সে বার্সেলোনার সাবেক তারকার পেদ্রোর দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে থাকে চেলসি। শেষ পর্যন্ত ১০ জনের দল নিয়ে খেলা শেষ করলেও জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

এবারের মৌসুমের প্রথম দুই ম্যাচের একটি হেরে যায় চেলসি। আর বাকিটি ড্র করে। ফলে তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পায় তারা।

গত বৃহস্পতিবার স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে চেলসিতে যোগ দেন পেদ্রো। এই ম্যাচে মাঠে নেমে উজ্জ্বল পারফরম্যান্স করেছেন তিনি।

খেলার ২০ মিনিটেই চেলসিতে নিজের গোলের অ্যাকাউন্ড খোলেন পেদ্রো। কয়েক জন খেলোয়াড়কে কাটিয়ে দুর্দান্ত এক পাস থেকে গোল করেন তিনি।

এর ছয় মিনিট পর পেনাল্টি পেয়ে যায় ব্রুমউইচ। কিন্তু জেমস মরিসনের কিক করা বল ফিরিয়ে দেন থাইবাউট কোর্টিয়াস।

খেলার ৩০ মিনিটে পেদ্রোর কাছ থেকে পাওয়া বল নিয়ে গোল করে দলের লিডকে ডাবলে নিয়ে যান ডিয়াগো কোস্টা। তবে এর পাঁচ মিনিট পর একটি গোল শোধ করে দেন পেনাল্টি মিস করা মরিসন।

তবে বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে আবার ব্যবধান বৃদ্ধি করেন সিজার অ্যাজপ্লিকিউটাস। ফলে ৩-১ গোলে এগিয়ে থেকে প্রথার্ধের খেলা শেষ করে সফরকারীরা।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই সলোমোন রোনন্ডোনকে টেনে ফেলে দিয়ে লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায় নেন চেলসি অধিনায়ক জন টেরি।

১০ জনের চেলসিকে পেয়ে খেলার ৫৯ মিনিটে আরো একটি গোল শোধ করেন মরিসন। এরপর খেলায় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ হোসে মরিনহোর শিষ্যরা।

জেডআই