ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে প্রায় সাড়ে তিনদিনে পরাজিত করল বাংলাদেশ। ২০ রানের দারুণ জয়ের পর এবার লক্ষ্য বাংলাওয়াশ। সিরিজের দ্বিতীয় টেস্টে হারাতে পারলেই সেই স্বাদ পূরণ হবে টাইগারদের।
আজ বিকেল ৩.৩০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই ফ্লাইটে তাদের সঙ্গে ঢাকা ছাড়বে অস্ট্রেলিয়া ক্রিকেট দলও। বিসিবির নির্ভরযোগ্য সূত্র থেকে মিলল এমন তথ্য।
ঈদের একদিন পর চট্টগ্রাম টেস্ট। তাই এবার পরিবার-পরিজন ছাড়াই ঈদ করতে হবে সাকিব-মুশফিকদের। ঈদের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে টিম বাংলাদেশের।
এদিকে বাবা-মাকে মিস করলেও দেশের জন্য কিছু করতে ঈদের আনন্দ ত্যাগ করতে প্রস্তুত টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। ‘ঈদে বাবা-মাকে মিস করবো। আমি না শুধু, খেলার কারণে সবাই মিস করবে। এই ত্যাগ করে যদি দেশকে কিছু দিতে পারি, সেটা অনেক বড় ব্যাপার।’
উল্লেখ্য, প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ৪ থেকে ৮ আগস্ট চট্টগ্রামে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।
এএইচ





