এবার ঈদ উল আজহা ভিন্ন ভাবে উৎযাপন করবে বাংলাদেশ ক্রিকেট দল। সবার ঈদ কাটবে বন্দর নগর চট্টগ্রামে। র‌্যাডিসন ব্লু হোটেলেই ঈদের আনন্দ সেরে নিতে হবে টাইগার বাহিনীর।

আগামী ৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেষ্ট। তাই টাইগার আর অসি বাহিনী আজই চলে যাচ্ছেন চট্টগ্রামে। ঈদের দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার কথাও রয়েছে টিম বাংলাদেশের।

আর মূলত ঈদটা উৎযাপন হবে তামিমের বাড়িতে। দলের একমাত্র ক্রিকেটার তামিম ইকবাল, যিনি এবার নিজের বাড়িতে ঈদ করতে পারছেন। আর সেই সাথে টোটাল টিম বাংলাদেশের ঈদ আপ্যায়নটাও হবে তার বাড়িতেই। এমনটিই জানা গেছে।

চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু হোটেলে থাকবে বাংলাদেশ দল। সেখান থেকে তামিমের বাড়ি আশকার দিঘির পাড় খুব বেশি দূরে নয়। সেজন্য সতীর্থদের খানিকটা সময় পারিবারিক আমেজে রাখতে ঈদের দিন সাকিব-মুশফিকদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করছেন তামিম পরিবার। আয়োজনে তামিমের সাথে থাকবেন তার চাচা, জাতীয় দলের সাবেক অধিনায়ক বিসিবি পরিচালক আকরাম খান। অবশ্য তামিমের এই আয়োজনের কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আকরাম খান।

এদিকে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, ‘ঈদে বাবা-মাকে মিস করবো। শুধু আমি না , খেলার কারণে সবাই মিস করবে। এই ত্যাগ করে যদি দেশকে কিছু দিতে পারি, সেটা অনেক বড় ব্যাপার।’

ঈদের আনন্দ এবার চট্টগ্রামেই ভাগাভাগি করবেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা নয়, কোচিং স্টাফরাও। তবে এমন ত্যাগেও সমস্যা নেই যদি দেশকে ভালো কিছু উপহার দেওয়া যায় এর বিনিময়ে। সবার প্রত্যাশা তাই ২য় টেস্ট জিতে সিরিজ ২-০ করা। আর আত্ববিশ্বাস জোগানোর টোটকা হিসেবে সদ্য জেতা ঢাকা টেস্টের স্মৃতিতো সতেজই আছে।

উল্লেখ্য, প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ৪ থেকে ৮ আগস্ট চট্টগ্রামে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

এএইচ