পারিবারিক সমস্যার কারণে আফগানিস্তানের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কবির খান। তবে অন্য যে কোন ভাবে তিনি আফগান ক্রিকেটে সাহায্য করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার।

কবির জানান, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। তবে আফগান ক্রিকেট বোর্ডের অনুরোধে তিনি দলের সঙ্গেই ছিলেন।

কবির বলেন, ‘আমি কোচের পদ থেকে পদত্যাগ করেছি। কারণ এখানে আশা যাওয়া করা আমার পরিবারের পক্ষে কষ্টদায়ক হয়ে পড়ছে। আর আমি কোচিং করে আনন্দও পাচ্ছিলাম না। আমি বোর্ডকে এ ব্যাপারে এক মাস আগে জানিয়েছিলাম। তবে দুপক্ষের আলোচনার মাধ্যমে এই কাজ সম্পন্ন হয়েছে।’

কবির দ্বিতীয়বারের মত আফগান কোচ হয়েছিলেন। এর আগে ২০০৮-২০১০ পর্যন্ত দলটির কোচ ছিলেন তিনি। আর ২০১১ সালের ডিসেম্বরে তিন বছরের চুক্তিতে আবারও কোচের দায়িত্ব পান তিনি, যা এই বছরের শেষ পর্যন্ত মেয়াদ ছিল।

কবিরের অধীনে আফগানিস্তান সাধারণ একটি দল থেকে ২০০৯ সালে ওডিআই খেলার যোগ্যতা অর্জন করে।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই