বাংলাদেশে চলতি মাসেই শুরু হচ্ছে এশিয়া কাপ। আর মার্চে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উভয় লড়াইয়ের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। কিন্তু নিতম্বের ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন পেসার মোহাম্মদ ইরফান। ফলে বাংলাদেশে আসা হচ্ছে না সবচেয়ে লম্বা এই ক্রিকেটারের (সাত ফুট এক ইঞ্চি)।
গত নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিতম্বে আঘাত পান ইরফান। ঘরোয়া একটি টুর্নামেন্টে খেলার সময় মনে হয়েছিল তার ইনজুরি প্রায় সেরে গেছে। কিন্তু পুনরায় সেটা বেড়ে যাওয়ায় ইরফানকে বাদ দেয়ার কথা বলতে হয়েছে প্রধান নির্বাচক আজহার খানকে।
ঢাকায় আগামী ২৫ ফেব্রুয়ারী থেকে ৮ মার্চ পর্যন্ত এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ছাড়াও স্বাগতিক বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও আফগানিস্তান এ টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে।
আগামী মার্চ মাসের ১৬ তারিখ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ১৬ দলের সমন্বয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসরও বসবে বাংলাদেশে।
ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন মিসবাহ-উল-হক এবং টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন মোহাম্মদ হাফিজ।
ওয়ানডে দলে পুনরায় ডাক পেয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান ধাওয়াদ আলম ও পেসার মোহাম্মদ তালহা। আর টি-টোয়েন্টি দলে আরেকবার সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান কামরান আকমল।
এশিয়া কাপে পাকিস্তান দল: মিসবাহ-উল-হক (অধি:), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, শারজিল খান, শোয়েব মাকসুদ, শহিদ আফ্রিদি, সাঈদ আজমল, উমর আকমল, ফওয়াদ আলম, আনোয়ার আলী, বিলাওয়াল ভাট্টি, জুনায়েদ খান, উমর গলি, আব্দুর রেহমান, মোহাম্মদ তালহা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মোহাম্মদ হাফিজ (অধি), কামরান আকমল, আহমেদ শেহজাদ, শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, সাঈদ আজমল, উমর গুল, শারজিল খান, শোয়েব মাতসুদ, জুনায়েদ খান, বিলাওয়াল ভাট্টি, সোহেল তানভির, উমর আকমল, জুলফিকার বাবর, মোহাম্মদ তালহা।