বুধবার সকালে হাঠৎ করেই এল অস্বস্তির খবর। অনুশীলনে চোট পেয়েছেন মুশফিকুর রহীম। অবশ্য চোট নিয়ে শঙ্কার কিছু নেই বলে জানিয়েছিলেন বিসিবি’র চিকিৎসক দেবাশিষ চৌধুরি। তবে মুশফিকের চোটের বিষয়টি মাথায় রেখে দলে নেওয়া হয়েছে লিটন দাসকে।
শুক্রবার শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট। তার দু’দিন আগে চোটে পড়েন মুশফিক। মিরপুর স্টেডিয়ামের ইনডোরে বুধবার অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পান তিনি।
মুশফিকুর রহীম
মুশফিকুর রহীম
তবে মুশফিকের চোট নিয়ে যে আতঙ্কিত হওয়ার কিছু নেই সেটি জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক। এক্স-রে রিপোর্টে আঙুলে কোনো চিড়ও ধরা পড়েনি। তবে কাল অনুশীলন না করে ফিরে যান। বিশ্রামে ছিলেন দিনের বাকী সময়টা।
চোট গুরুতর না হলেও ঝুঁকি নিতে চায়নি বোর্ড। তাই মুশফিকের বিকল্প হিসেবে ডাক পেয়েছেন লিটন দাস। যাতে শেষ মুহূর্তে যদি মুশফিক মাঠে নামতে না পারেন তবে বিকল্প উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে লিটনকে নামানো যায়। ব্যাটিংয়ে মিডল অর্ডারের পাশাপাশি উইকেট সামলানোর দায়িত্বও মুশফিকের কাঁধে।
মিরপুর টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড :
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আরিফুল হক, খালেদ আহমেদ, সাদমান ইসলাম।





