ইংল্যান্ড বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হলেও নিজেদের শেষ ম্যাচে জয় পেতে মরিয়া টাইগাররা। পাকিস্তানকে হারিয়ে এবারের আসরে শেষটা রাঙ্গিয়ে দিতে চায় বাংলাদেশ।
আজকের এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। এতে এখন পর্যন্ত পাকিস্তানের সেমিফাইনালে খেলার আশা জিইয়ে থাকল।
কারণ, হারলে আর ব্যাংলাদেশ আগে ব্যাটিং নিলে সেখানেই সমাধি রচিত হতো তাদের সেই স্বপ্নের।
আজ (০৫ জুলাই) শুক্রবার লর্ডসে পাকিস্তানের বিপক্ষে টস হেরে বোলিং নেমে শুরুতেই ফখর জামানকে সাজঘরে পাঠান টাইগার পেসার সাইফউদ্দিন। ৩১ বলে ১৩ রান করে মেহেদী মিরাজের হাতে ক্যাচ বন্দী হন ফখর জামান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৯৪ রান।
এই ম্যাচ জিতলে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে ওঠে আসবে মাশরাফির দল। অন্যদিকে, শেষ চারে যেতে হলে পাকিস্তানকে কেবল জিতলেই হবে না; টাইগারদের হারাতে হবে ৩১৬ রানের বিশাল ব্যবধানে।
কেননা ইতোমধ্যে ১১ পয়েন্ট নিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে জিতলে সরফরাজদের পয়েন্টও হবে ১১। তখন নেট রান রেটের হিসেবে এগিয়ে থাকা দল উঠবে সেমিফাইনালে। অবশ্য এখনও পযর্ন্ত নেট রান রেটে কিউইদের চেয়ে বেশ পিছিয়ে পাকিস্তান।
এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে পাক ব্রিগেড। আফগানিস্তানের বিপক্ষে পাওয়া জয়ী একাদশের সবাই আছেন।
তবে বাংলাদেশ একাদশে ঘটেছে দুই রদবদল। অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফিরেছেন মূল দলে। তাকে জায়গা ছেড়ে দিতে বাইরে যেতে হয়েছে পেসার রুবেল হোসেনকে। ছিটকে গেছেন সাব্বির রহমান। তার স্থলাভিষিক্ত হয়েছেন চোট কাটিয়ে ওঠা মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: ইমাম-উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক),ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও শাহীন শাহ আফ্রিদি।
এমবি





