আজ শুক্রবার শেষবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দিতে মাঠে নেমেছেন মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক ক্যারিয়ারের শেষ ম্যাচে টসে হেরেছেন তিনি। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জয় নিয়ে এরই মধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে আজ জিতলেই ৩-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলবে লাল-সবুজের দল।
দেড় বছর ধরে এই ফরম্যাটে কোনো দলকে হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। বিনিময়ে প্রতিপক্ষের মাঠে ২০১৯ সালে দুবার হোয়াইটওয়াশ হয়েছে লাল-সবুজের দল। প্রথমত, গত বছরের শুরুতে হোয়াইটওয়াশ হয়েছে নিউজিল্যান্ডের কাছে; আর বছরের শেষদিকে ৩-০ তে হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে। এবার সেই খরা কাটতে চলছে। জিম্বাবুয়ের বিপক্ষে আজ জিতলেই ৩-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলবে বাংলাদেশ। শেষ এই জিম্বাবুয়ের বিপক্ষেই ৩-০ তে সিরিজ জিতেছিল লাল-সবুজরা। সেটা ছিল ২০১৮ সালের অক্টোবরে।
তবে জয়-পরাজয়ের হিসাবের চেয়ে এই ম্যাচ অন্য কারণে বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ম্যাচটির মাধ্যমে অধিনায়কত্বকে বিদায় বলবেন দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিজের বিদায়ের ঘোষণা দিয়েছেন ওয়ানডে অধিনায়ক।
নেতৃত্বের বিদায় নিয়ে মাশরাফি বলেন, ‘অধিনায়ক হিসেবে আগামীকালই (আজ) আমার শেষ ম্যাচ। দীর্ঘ সময় আমার প্রতি আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। আমার নেতৃত্বে যত ক্রিকেটার খেলেছে, তাদেরও ধন্যবাদ জানাই। শেষ পাঁচ-ছয় বছর এই প্রক্রিয়াটা সহজ ছিল না। আমি ধন্যবাদ জানাচ্ছি টিম ম্যানেজমেন্টকে। তাঁরা সবাই আমাকে সাহায্য করেছেন। আমার অধিনায়কত্ব হাথুরুসিংহে দিয়ে শুরু হয়েছিল, কাল (আজ) রাসেল ডমিঙ্গো দিয়ে শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।’
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
জিম্বাবুয়ের ওয়ানডে দল : চামু চিবাবা (অধিনায়ক), তিমিসেন মারুমা, সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, তিনাশে কামুনহুকামওয়ি, ওয়েসলি মাদভেরে, ক্রিস্টোফার এমপফু, টিনোতেন্দা মুতুমবোজি, কার্ল মুম্বা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), আইনসলে এনদোভু, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড টিরিপানো, চার্লটন টিসুমা ও শন উইলিয়ামস।
এমআর





