অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত প্রথম টেস্টে অসি পেসার মিচেল জনসনের বলে মাথায় আঘাত পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার রায়ান ম্যাকল্যারেন। ফলে সেন্ট জর্জ পার্কে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দল থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে।
দক্ষিন আফ্রিকা ম্যানেজার ড: মোহাম্মদ মুসাজি বলেছেন, 'ম্যাকলারেন কিছুটা আঘাত পেয়েছেন।' জনসনের একটি শর্ট বল তার ব্যাটিং হেলমেটে আঘাত হানার পর মাঠেই ম্যাকলারেনের শুশ্রুষা নিতে হয়। অবশ্য পরক্ষণে জনসনের বলেই আউট হওয়ার আগ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যান তিনি।
রোববার সন্ধ্যায় জোহানেসবার্গেও একটি হাসপাতালে ম্যাকলারেনকে ভর্তি করা হয়। পরদিনই তার অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে অবস্থা পুন:মূল্যায়ন করার জন্য বিশেষঞ্জ নিউরোলজিস্টের পরামর্শ নেয়া হয়।
মুসাজি বলেন, ‘তার অবস্থার বেশ উন্নতি হচ্ছে এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু মেডিকেল দলের মতানুযায়ী পরবর্তী ম্যাচ থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে।’
‘আগামী ৪/৫ দিন তাকে পর্যবেক্ষণ করা হবে এবং আগামী সোমবার পুনরায় তার অবস্থা পর্যবেক্ষণ করার পর কেপ টাউনে তৃতীয় ম্যাচের দলে রাখা হবে কিনা সিদ্ধান্ত নেয়া হবে।’