রাজধানীর বিমানবন্দর সড়কের এমইএস মোড়ে শনিবার সড়ক দুর্ঘটনায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জানা গেছে, কলেজ ছুটির পর শিক্ষার্থীরা বাসের জন্য এমইএস মোড়ে অপেক্ষা করছিলেন।
এ সময় মিরপুর থেকে আসা জাবালে নুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রেজাউল করিম রাজু করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম।
এ ঘটনায় ছবিসহ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন।
স্ট্যাটাসে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন বলেছেন, নিহত শিক্ষার্থীদের স্বজন ও সহপাঠীদের চোখের জলের মূল্য বাসচালকদের একদিন দিতে হবে।
রুবেলের সেই পোস্টটি তুলে ধরা হলো:
ড্রাইভার ভাইদের বলছি,আজকে আপনারা ট্রাফিক নিয়ম মেনে না চলায় নিজেরা নিজেরা রেস করতে গিয়ে জীবন দিতে হচ্ছে কারো বাবা মার সন্তানকে, কারো আবার বাবা-মাকে। মনে রাখবেন এই চোখের পানির মূল্য আপনাদের দিতে হবে।
এ কান্না শুধু তাদের সহপাঠী, পরিবার, আত্মীয়-স্বজনের নয়! এ কান্না আজ সারা দেশের, প্রত্যেক মানুষের। এএস





