গল টেস্ট জয়ের পর এবার কলম্বো টেস্টও জয়ের পথে শ্রীলঙ্কা। টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানের মাত্র তিনটি উইকেট শিকার করতে পারলেই সিরিজটি ঘরে তুলতে পারবে তারা। সেই সঙ্গে মাহেলা জয়াবর্ধনের বিদায় টেস্ট সিরিজে প্রতিবেশী দেশটিকে ধবল ধোলাই করতে পারবে লঙ্কানরা।
রোববার টেস্টের চতুর্থ দিনে মাত্র ২৭০ রানের লিড নিতেই শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায়। ফলে ম্যাচটি জিতে নিয়ে সিরিজটি ড্র করার সুযোগ আসে পাকিস্তানের। কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি তারা। এদিন মাত্র ১২৭ রান করতেই সাত উইকেট হারিয়েছে মিজবাহরা।
পঞ্চম দিনে জয়ের জন্য পাকিস্তানের চাই ১৪৪ রান। কিন্তু হাতে আছে তিনটি উইকেট। ফলে তাদের পরিবর্তে এখন জয়ের চাবিকাঠি অ্যাঞ্জেলো ম্যাথুসদের হাতে। শেষ দিনে বাকি তিনটি উইকেট শিকার করলেই আশা পূর্ণ হবে তাদের।
এদিন শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতায় ভুগছিল পাকিস্তান। কোনো ক্রিকেটারই দলের হাল ধরতে পারেনি। দলের পক্ষে সরফরাজ আহমেদের অপরাজিত ৩৮ রানই সর্বোচ্চ স্কোর। এছাড়া ৩২ রান করে সাজঘরে ফিরে গেছেন আসাদ শফিক। শেষ দিনে সরফরাজের সঙ্গে মাত্র ২ রান নিয়ে খেলা শুরু করবেন ওয়াহাব রিয়াজ।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট শিকার করেছেন প্রথম ইনিংসে নয় উইকেট পাওয়া রঙ্গনা হেরাথ। এছাড়া প্রাসাদ দুটি উইকেট ও পেরেরা একটি উইকেট নেন।
এর আগে সাঙ্গাকারার ৫৯ ও জয়াবর্ধনের ৫৪ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে ২৮২ রান করে শ্রীলঙ্কা। এ ইনিংসে ৪৩ রান নিয়ে অপরাজিত ছিলেন ম্যাথুস। পাকিস্তানের বোলার ওয়াহাব রিয়াজ ও সাঈদ আজমল তিনটি করে উইকেট শিকার করেন। দুটি উইকেট নেন আব্দুর রেহমান।
সংক্ষিপ্ত স্কোরকার্ড (চতুর্থদিনশেষে)
টস: শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ৩২০; ৯৯.৩ ওভার (থারাঙ্গা ৯২, সিলভা ৪১, ম্যাথুস ৩৯; জুনায়েদ ৫/৮৭, ওয়াহাব ৩/৮৮)
পাকিস্তান: প্রথম ইনিংস ৩৩২; ৯৩.১ ওভার (সরফরাজ ১০৩, সেহজাদ ৫৮, শফিক ৪২; হেরাথ ৯/১২৭, পেরেরা ১/৬৩)
শ্রীলঙ্কা: দ্বিতীয় ইনিংস ২৮২; ১০৯ ওভার (সাঙ্গাকারা ৫৯, মাহেলা ৫৪, থারাঙ্গা ৪৫, ম্যাথুস ৪৩*; ওয়াহাব ৩/৭৬, আজমল ৩/৮৯, রেহমান ২/৯৭)
পাকিস্তান: দ্বিতীয় ইনিংস ১২৭/৭; ৪০ ওভার (সরফরাজ ৩৮*, শফিক ৩২; হেরাথ ৪/৪৬, প্রসাদ ২/১৯)
ঢাকা,১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





