সাকিব আল হাসান কোন অন্যায় করেনি, একটি ভুল করেছে মাত্র। তাই পুরো দল তার পাশে আছে।
এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
আজ বুধবার দলকে নিয়ে ভারতের উদ্দেশে উড়োজাহাজে চড়লেন মাহমুদউল্লাহ। যাওয়ার আগে জানালেন সাকিবের প্রতি নিজের ভালোবাসার কথা।
৩ ম্যাচ টি-টোয়েন্টি ও ২টি টেস্ট খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে এসব কথা বলেন তিনি।
ভারত সফরে যাওয়ার একদিন আগে অধিনায়ক সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার খবর পেয়েছে বাংলাদেশ। জুয়াড়ির প্রস্তাব গোপন রাখার অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।
দেশ ছাড়ার আগে অধিনায়ককে হারানোর বিষয়টি দলের জন্য বড় ধাক্কা। তবে এরপরও হাল ছাড়ছেন না সাকিবের সতীর্থরা।
ভারত সফরে ঢাকা ছাড়ার আগে অধিনায়ককে হারানোর আঘাত নিয়েই জান দিয়ে লড়াই করার আশ্বাস দিয়ে গেলেন মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ভারত সিরিজে সাকিবের অভাব অনুভব করবে দল। তবে নিজেদের সেরা নৈপূণ্য দেখাতে প্রস্তুত ক্রিকেটাররা। বিকাল তিনটায় বাংলাদেশ বিমানযোগে ভারতের উদ্দেশে রওনা হবে দল।
আগামী ৩ নভেম্বর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। দুই ফরম্যাটের অধিনায়ক সাকিবের নেতৃত্বে আজ দেশ ছাড়ার কথা ছিল টাইগারদের।
অথচ এক সন্ধ্যাতেই পাল্টে গেছে সবকিছু। অধিনায়কের নিষেধাজ্ঞায় দায়িত্ব পড়েছে মাহমুদউল্লাহ ও মুমিনুলের কাঁধে।
বিমানবন্দরে মাহমুদউল্লাহ বলেন, ‘সবাই জানি আমাদের দলের জন্য, দেশের জন্য কত বড় আঘাত। ও কত বড় খেলোয়াড়, সবাই জানি। হয়তো সে একটা ভুল করেছে, কিন্তু অপরাধ করেনি। আমাদের সবার সমর্থন তাঁর সঙ্গে আছে। আমরা সাকিবকে ভালোবাসতাম।
আশা করি, ভালোবেসে যাব। কিন্তু এটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমার কাজ হচ্ছে খেলা এবং দেশের জন্য জান দিয়ে লড়া।’
এএস





