কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে আইকন ক্রিকেটার হিসেবে দেখা যেতে পারে। বিপিএলের গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে।
এ ব্যাপারে গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, 'দল বাড়ার ফলেই আইকন খেলোয়াড়ও বাড়বে। জাতীয় দলের হয়ে যাদের পারফর্মেন্স ভালো, তাদেরই আইকন হিসেবে বিবেচনা করছি আমরা। এই বিবেচনায় নতুন আইকন মোস্তাফিজুর রহমানই হবেন। '
জানা গেছে, গত আসরে খেলেছিল সাত দল। এবারের আসরে দল বেড়ে হচ্ছে ৮টি।
এ ছাড়াও বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সূত্রে জানা গেছে, সৌম্য সরকার আইকন হিসেবে সাম্প্রতিক সময়ে কিছুটা অফফর্মে থাকায় তার পরিবর্তে আইকন করা হতে পারে ইমরুল কায়েসকে।
এদিকে বিপিএলের নিয়ম মেনেই পুরনো খেলোয়াড়দের মধ্যে ৪জনকে রেখে দিতে ইচ্ছুক কুমিল্লা। এ ক্ষেত্রে তারা বেছে নেবে ইমরুল, সাইফুদ্দিন, লিটন দাসকে। মাশরাফিকে ছেড়ে দিলেও ইমরুলকে ছাড়বে না দলটি।
আগামী সেপ্টেম্বরে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। নভেম্বরের ৪ তারিখ থেকে শুরু বিপিএলের পঞ্চম আসরটি। এর দুই দিন আগে আসন্ন আসরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এমবি





