বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে তুলেছে ৪৩৩ রান। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা এক উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছে।
জিম্বাবুয়ের হয়ে প্রথম ইনিংসে ব্যাটিং উদ্বোধন করতে আসেন সিকান্দার রাজা এবং ব্রায়ান চারি। ষষ্ঠ ওভারে তাইজুলের ঘূর্ণিতে এলবির ফাঁদে পড়েন সিকান্দার রাজা। আউট হওয়ার আগে তিনি ১১ রান করেন।
এছাড়া আরেক ওপেনার চারি অপরাজিত আছেন ২১ রানে এবং হ্যামিলটন মাসাকাদজা আছেন ১৫ রানে। এ দুই ডানহাতি ব্যাটসম্যান তৃতীয় দিন ব্যাটিং শুরু করবেন।
টাইগারদের ওপেনার তামিম ইকবাল এবং দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শতকে প্রথম টেস্টের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে খুলনা টেস্টে ভালো ভাবেই ব্যাট হাতে জবাব দিলেন মুশফিকবাহিনী।আগের দিনের তিন উইকেটে ১৯৩ রানের পর দুই বাঁহাতির শতকে ভর করে এ রান করতে সমর্থ হয় মুশফিকুর রহিমের দল।
দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে তামিম তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক (১০৯) করেন। এছাড়া টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক করেন সাকিব আল হাসান (১৩৭ রান)।
জেআই





